বনানীতে চিরঘুমে জামিলুর রেজা চৌধুরী

২৮ এপ্রিল, ২০২০ ১৯:৩১  
বহু পরিচয়ে পরিচিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। কর্মবীর এই মানুষটি সারা জীবন তার কর্ম সাধনায় ব্যাপৃত ছিলেন দেশ ও দেশের মানুষের কল্যাণে। দেশের পুরকৌশল জগতে তিনি ছিলেন সবার প্রিয় একজন। এই গবেষক একাধারে শিক্ষাবিদ, পুরকৌশলী ও বিজ্ঞানী ছিলেন। এ দেশের সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। প্রযুক্তির প্রতি ছিল তার আলাদা এক টান। প্রযুক্তিনীতি সূত্রায়ন থেকে শুরু করে প্রযুক্তিখাতের নানা আন্দোলনে তিনি ছিলেন বরাবর সম্পৃক্ত। ৭৭ বছর বয়সে মঙ্গলবার ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। বাদ জোহর ধানমিন্ড জাতীয় ঈদগাহের মাঠে জানাজা শেষে এই বরেণ্য ব্যক্তির দাফন করা হয় বনানী গোরস্থানে। তার অন্তর্ধানে শোকে বিহ্বল দেশের প্রযুক্তি অঙ্গন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও শোক জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, জামিলুর রেজা চৌধুরী জাতির জন্য বিরল প্রতিভা ছিলেন। দেশের উন্নয়নে তার অবদান যুগ যুগ মানুষ স্মরণ করবে। পদ্মা সেতুসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে তিনি যুক্ত ছিলেন এবং দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে তার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন মোস্তাফা জব্বার। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অসংখ্য উন্নয়ন প্রকল্পে কাজ করার পাশাপাশি জামিলুর রেজা তথ্যপ্রযুক্তি বিষয়েও সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।  তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ছাড়াও একুশে পদক জয়ী এই বাতিঘরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস সভাপতি শাহিদ উল মুনীর প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ জানান, জামিলুর রেজা চৌধুরী ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা অভিভাবক হিসেবে কাজ করে আসছিলেন। তার অবদান বলে শেষ করা যাবে না।